প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০১:৩৬ এ এম
অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি: আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কার্যক্রমেও যুক্ত থাকবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং শুক্রবার (১৫ মে) এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরে তিনি দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভায় বক্তব্য এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে স্বল্প সময়ের বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে তার এ সফর শেষ হবে।
এই সফরকে ঘিরে চাঁদপুর জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাধারা/এসআর
মন্তব্য করুন