প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পড়শী। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি সবাইকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোথাও কোথাও পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পড়শী লিখেছেন, “দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে—ভাবলেই কষ্ট লাগে।”
তিনি আরও বলেন, দুর্যোগের এই সময়ে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসা উচিত। কারণ ছোট একটি সহযোগিতাও কোনো অসহায় পরিবারের জন্য বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।
পড়শী লেখেন, “এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।”
বন্যাকবলিত মানুষের নিরাপত্তা কামনা করে তিনি সবাইকে একে অপরের খোঁজ রাখার আহ্বানও জানান। পোস্টের শেষাংশে এই শিল্পী লেখেন, “বন্যাকবলিত এলাকার সবাই নিরাপদে থাকুন এবং আশপাশের মানুষগুলোর খেয়াল রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন। আমিন।”
পড়শীর আগে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী, অভিনেতা ইরফান সাজ্জাদসহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিয়েছেন।
দেশজুড়ে চলমান এই দুর্যোগে মানবিক সহায়তা ও সম্মিলিত উদ্যোগই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন