বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১২:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

৩৭ হাজার কোটি টাকার মহারণ! বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে শুধু ফুটবলীয় লড়াই নয়, মুখোমুখি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি দুই দলও। ফ্রান্স ও স্পেনের এই হাইভোল্টেজ ম্যাচকে ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কারণ, দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি।

যদিও মোট বাজারমূল্যে স্পেনের চেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। ট্রান্সফার মার্কেটের সর্বশেষ হিসাব অনুযায়ী, ফরাসি স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, আর স্পেনের স্কোয়াডের মূল্য প্রায় ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। অর্থাৎ দুই দলের মধ্যে প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে।

এই সেমিফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের উপস্থিতি। বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড়ের মধ্যে চারজনই খেলছেন এই ম্যাচে।

সবচেয়ে মূল্যবান ফুটবলার স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল, যার বাজারমূল্য প্রায় ২৩৪ মিলিয়ন ডলার। তার ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে, যার মূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার। ফ্রান্সের তরুণ তারকা মাইকেল অলিসে এবং স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা পেদ্রি গঞ্জালেস, দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। তালিকার আরেক সদস্য আর্লিং হালান্ডের নরওয়ে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেওয়ায় তিনি আর এই মঞ্চে নেই।

দুই দলের স্কোয়াডে তারকা ফুটবলারের ছড়াছড়ি। ফ্রান্স-স্পেন সেমিফাইনালে এমন সাতজন খেলোয়াড় রয়েছেন, যাদের প্রত্যেকের বাজারমূল্য ১১৭ মিলিয়ন ডলারের বেশি। এছাড়া দুই দলের মোট ২২ জন ফুটবলারের বাজারমূল্য কমপক্ষে ৫৮ মিলিয়ন ডলার। এর মধ্যে স্পেনের সাতজন এবং ফ্রান্সের ১৫ জন।

পজিশনভিত্তিক মূল্যায়নেও রয়েছে ভিন্ন চিত্র। গোলরক্ষকদের বাজারমূল্যে এগিয়ে স্পেন। তাদের তিন গোলকিপারের সম্মিলিত মূল্য প্রায় ১১৪ মিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের গোলরক্ষকদের মোট মূল্য ৬৭ মিলিয়ন ডলার।

রক্ষণভাগে অবশ্য পরিষ্কার আধিপত্য ফরাসিদের। ফ্রান্সের ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার, যেখানে স্পেনের রক্ষণভাগের মূল্য ৩৩৭ মিলিয়ন ডলার।

মিডফিল্ডে পাল্লা ভারী স্পেনের। ইয়ামাল-পেদ্রিদের দলের মিডফিল্ডারদের মোট বাজারমূল্য ৪৯১ মিলিয়ন ডলার, বিপরীতে ফ্রান্সের মিডফিল্ডের মূল্য ৩৬৫ মিলিয়ন ডলার।

সবচেয়ে বড় ব্যবধান আক্রমণভাগে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ইয়ামাল স্পেনে থাকলেও সামগ্রিক আক্রমণভাগের শক্তিতে এগিয়ে ফ্রান্স। এমবাপে, অলিসে ও অন্যান্য ফরোয়ার্ডদের নিয়ে ফরাসি আক্রমণভাগের মোট বাজারমূল্য প্রায় ৮৭৭ মিলিয়ন ডলার, যা স্পেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

তবে বাজারমূল্যের এই হিসাব মাঠের ফল নির্ধারণ করবে না। দুই ইউরোপীয় পরাশক্তির লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মাঠেই। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপের ইতিহাসে এর আগে এত উচ্চ বাজারমূল্যের দুই দল কখনো সেমিফাইনালে মুখোমুখি হয়নি। ফলে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ ও সবচেয়ে মূল্যবান এক সেমিফাইনাল।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন