প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম ও অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ারের অনস্ক্রিন জুটি নিয়ে দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো একসঙ্গে অভিনীত তাদের নতুন নাটক ‘দার-ই-নিজাত’ আগামী আগস্টের প্রথম সপ্তাহে প্রচার শুরু হতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে।
নাটকটি পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটাল-এ প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের জন্য ইউটিউবেও প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সম্প্রচারের তারিখ ঘোষণা করা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে নাটকটির বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক। সাদাকালো সেই পোস্টারে দুরেফিশান সেলিম, শেহেরিয়ার মুনাওয়ার ও নামির খানকে গম্ভীর ও রহস্যময় আবহে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘Dar-e-Nijat Loading’। প্রকাশের পরপরই পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
জানা গেছে, এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় শুক্র ও শনিবার রাত ৮টার প্রাইম টাইম স্লটেই প্রচার হতে পারে ‘দার-ই-নিজাত’। তবে সম্প্রচার সূচি নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
নাটকটির গল্প লিখেছেন পাকিস্তানের খ্যাতিমান ঔপন্যাসিক ও নাট্যকার উমাইরা আহমেদ। পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাকিব খান। আর প্রযোজনায় রয়েছেন সালমান ইকবাল, সোনিয়া ইকবাল এবং অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার নিজেও।
তারকাবহুল এই নাটকে দুরেফিশান সেলিম, শেহেরিয়ার মুনাওয়ার ও নামির খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া সাইদ ও মেহমুদ আসলাম। এছাড়া বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সাহার হাশমিকে।
এ নাটকে দুরেফিশান সেলিমকে ‘জারিয়াব’ নামের একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। এর আগে তিনি চরিত্রটির কিছু ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের আগ্রহ বাড়িয়েছিলেন।
উমাইরা আহমেদের আবেগঘন গল্প, দুরেফিশান-শেহেরিয়ারের নতুন জুটি, শক্তিশালী অভিনয়শিল্পীদের সমন্বয় এবং নির্মাণশৈলীর কারণে মুক্তির আগেই ‘দার-ই-নিজাত’ এআরওয়াই ডিজিটালের অন্যতম আলোচিত নাটক হিসেবে জায়গা করে নিয়েছে। এখন দর্শকদের অপেক্ষা শুধু আনুষ্ঠানিক প্রচারের দিনক্ষণ ঘোষণার।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন