প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দীর্ঘদিন ধরে মাদক কারবারিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অপরাধে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে মর্জিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
মর্জিনা আক্তার সোনাহাট বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন মর্জিনা আক্তার ওরফে গেন্দি। পুলিশ বিভিন্ন সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেও কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আঁড়ালে ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন মর্জিনা। অবশেষে আজ শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন