প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতযাত্রায় যুক্ত হলো নতুন এক অনুপ্রেরণার অধ্যায়। তাদের গাওয়া একটি কাভার গান এবার প্রশংসা কুড়িয়েছে ভারতের অস্কারজয়ী কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমানের। শুধু প্রশংসাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও গানটি শেয়ার করেছেন তিনি।
শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা যৌথভাবে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি সংগীত প্রকল্প পরিচালনা করছেন। প্রায় দেড় বছর ধরে তারা জনপ্রিয় পুরোনো গানগুলো নতুন আঙ্গিকে পরিবেশন করে আসছেন। তাদের ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিশ্বখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান।
সম্প্রতি শুভ-নন্দিতা রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে কাভার করেন। গানটি প্রকাশের পর সেটি এ আর রহমানের নজরে আসে। পরে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের পরিবেশনার ভিডিও শেয়ার করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে শুভেন্দু দাশ শুভ বলেন, ‘ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। তার কাজ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। যার গান শুনে বড় হয়েছি, তিনি আমাদের গান দেখেছেন এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, এটি সত্যিই অবিশ্বাস্য এবং জীবনের অন্যতম বড় প্রাপ্তি।’
অন্যদিকে, এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন সানজিদা মাহমুদ নন্দিতা। তিনি লেখেন, ‘আমি কি সত্যিই স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো! এই মুহূর্তটি আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।’
উল্লেখ্য, শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা দেশের তরুণ প্রজন্মের দুই আলোচিত সংগীতশিল্পী। কোক স্টুডিও বাংলা-এর জনপ্রিয় গান ‘বুলবুলি’ দিয়ে ব্যাপক পরিচিতি পান নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভ। তবে তাদের পেশাগত সম্পর্ক ও একসঙ্গে কাজের যাত্রা শুরু হয়েছিল আরও আগে। বর্তমানে ‘মোজি অ্যান্ড কোং’-এর মাধ্যমে তারা নিয়মিত নতুন আঙ্গিকে গান প্রকাশ করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়ে চলেছেন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন