বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:১৪ পিএম

অনলাইন সংস্করণ

ইলিশের মৌসুমেও স্বস্তি নেই বাজারে, কেজি ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা

ছবি: সংগৃহীত

বর্ষার মৌসুমে রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করলেও দামে মিলছে না স্বস্তি। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকায়। ফলে মধ্যবিত্তের অনেক ক্রেতাই দাম শুনে খালি হাতে ফিরছেন বা বাধ্য হয়ে ছোট আকারের ইলিশ কিনছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে।

টাউন হল বাজারে ইলিশ কিনতে এসে শাওন নামে এক ক্রেতা বলেন, ‘ইলিশ কেনার ইচ্ছা ছিল। কিন্তু দাম শুনে ছোট মাছ কিনেই ফিরে যাচ্ছি। সংসারের অন্যান্য খরচ সামলে এত টাকা দিয়ে ইলিশ কেনা সম্ভব নয়।’

একই বাজারের ক্রেতা চন্দনা রানী জানান, কয়েকটি দোকান ঘুরে এক কেজির কিছু বেশি ওজনের দুটি ইলিশ ৪ হাজার ২০০ টাকায় কিনেছেন। তবে তার অভিযোগ, বাজারে তাজা ইলিশের তুলনায় হিমাগারে সংরক্ষিত মাছের আধিক্য বেশি।

চন্দ্রিমা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইফুল বলেন, ‘বাচ্চারা ইলিশ খেতে চেয়েছিল। তাই ছোট একটি মাছ কিনেছি। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই।’

জেনেভা ক্যাম্প বাজারের এক চাকরিজীবী বলেন, ‘ইলিশের মৌসুমে অন্তত একবার কিনতে চাই। কিন্তু এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজারের টাকা শেষ হয়ে যায়। তাই এবার আর কেনা হলো না।’

ঢাকা উদ্যান বাজারে গৃহিণী খাদিজা বেগম বলেন, ‘বাজারে মাছ আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই শুধু দেখেই ফিরে যাচ্ছি।’

ব্যবসায়ীদের দাবি, বাজারে এখনো পর্যাপ্ত তাজা ইলিশ আসেনি। চন্দ্রিমা বাজারের মাছ বিক্রেতা মামুন বলেন, তাদের দোকানে মূলত ছোট আকারের ইলিশ রয়েছে, যার দাম ১ হাজার থেকে ১ হাজার ৪৫০ টাকার মধ্যে। বড় ইলিশ কম আনা হয়, কারণ তাদের অধিকাংশ ক্রেতাই নিম্ন ও মধ্যম আয়ের।

টাউন হল বাজারের মাছ বিক্রেতা বাদশা মিয়া বলেন, এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের ইলিশও ১ হাজার ৮০০ টাকার নিচে নেই। তার ভাষ্য, বাজারের বেশিরভাগ ইলিশ এখনো কোল্ড স্টোরেজের, নদীর তাজা ইলিশের সরবরাহ সীমিত।

বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপস্থিতি থাকলেও অনেকে শুধু দাম জেনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাজেটের সঙ্গে মিলিয়ে ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকেই বিকল্প হিসেবে অন্য মাছ বেছে নিচ্ছেন।

মধ্যবিত্ত ক্রেতাদের অভিযোগ, ইলিশের মৌসুম শুরু হলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। ফলে বর্ষার ঐতিহ্যবাহী এই মাছ অনেক পরিবারের খাবারের তালিকার বাইরে থেকেই যাচ্ছে।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন