বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

ঘরেই তৈরি করুন মুচমুচে ব্রেড চিকেন রোল, জেনে নিন সহজ রেসিপি

ছবি: সংগৃহীত

বিকেলের নাস্তায় কিংবা হঠাৎ আসা অতিথির আপ্যায়নে ঝটপট কিছু তৈরি করতে চাইলে ব্রেড চিকেন রোল হতে পারে দারুণ একটি পছন্দ। বাইরে থেকে কিনে আনার বদলে খুব সহজেই ঘরের উপকরণ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু এই খাবার। আবার শিশুদের টিফিনেও এটি হতে পারে পুষ্টিকর ও মুখরোচক একটি আইটেম।

ঘরে পাউরুটি, মুরগির মাংস ও কয়েকটি সাধারণ উপকরণ থাকলেই অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে মুচমুচে ব্রেড চিকেন রোল।

যা যা লাগবে
পাউরুটি - ৮ পিস
হাড়ছাড়া মুরগির মাংস (সেদ্ধ) - ১ কাপ
আলু (সেদ্ধ) - ১টি
পেঁয়াজ কুচি - ৩ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি - ৫-৬টি
পুদিনা পাতা কুচি - আধা কাপ
লবণ - স্বাদমতো
ডিম - ১ থেকে ২টি
ময়দা - সামান্য
ব্রেড ক্রাম্ব –-পরিমাণমতো
ভাজার জন্য তেল
যেভাবে তৈরি করবেন

প্রথমে মুরগির মাংস ও আলু সেদ্ধ করে নিন। এরপর একটি পাত্রে সেদ্ধ মুরগির মাংস কুচি, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, পুদিনা পাতা ও লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করুন।

এরপর পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে বেলন দিয়ে হালকা করে বেলে পাতলা করে নিন। প্রতিটি পাউরুটির এক পাশে পরিমাণমতো চিকেনের পুর রেখে রোলের মতো মুড়িয়ে নিন। সামান্য ময়দার ঘন গোলা দিয়ে রোলের মুখ ভালোভাবে আটকে দিন, যাতে ভাজার সময় খুলে না যায়।

এবার প্রতিটি রোল ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিন।

চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল গরম করুন। মাঝারি থেকে কম আঁচে রোলগুলো সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।

গরম গরম ব্রেড চিকেন রোল টমেটো সস, চিলি সস কিংবা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন। বাইরের মতো মুচমুচে আর ভেতরে নরম এই সুস্বাদু নাস্তা নিশ্চয়ই পরিবারের সবার মন জয় করবে।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন