প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ১১:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
অবশেষে শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ। অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নির্ধারিত হয় বিশ্বকাপের ভাগ্য। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো লা রোহা।
শুরু থেকেই বলের দখল, পাসিং এবং আক্রমণের ধার- সবকিছুতেই এগিয়ে ছিল স্পেন। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও রদ্রিদের নেতৃত্বে একের পর এক আক্রমণ শানালেও দুর্দান্ত রক্ষণ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে ম্যাচ।
অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণভাগও ছিল অনেকটাই নিষ্প্রভ। লিওনেল মেসিকে কার্যকরভাবে আটকে রাখে স্পেনের সুসংগঠিত মিডফিল্ড ও ডিফেন্স। ফলে আলবিসেলেস্তেরা খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই আসে ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের হেড থেকে আসা বল দুর্দান্ত নিয়ন্ত্রণে জালে জড়িয়ে দেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস। তার সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির।
গোল হজমের পর সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত নিজেদের রক্ষণ অটুট রেখে ইতিহাস গড়ে স্পেন।
এই জয়ের মাধ্যমে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিল স্প্যানিশরা। একই সঙ্গে ভেঙে গেল আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অনেকের বিশ্বাস, এটি হয়তো বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির শেষ ম্যাচ হিসেবেই ইতিহাসে স্থান করে নেবে।
পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ছন্দে ছিল স্পেন। নকআউট পর্বে পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স এবং ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের মুকুট পরে লা রোহা। অন্যদিকে কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেও শেষ হাসি হাসতে পারেনি আর্জেন্টিনা।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন