প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘বাংলা কিউআর রিলস মেকিং প্রতিযোগিতার ১০ জন বিজয়ীর মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, বিএফআইইউর প্রধান, নির্বাহী পরিচালক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে গভর্নর বলেন, গত ১ জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে গ্রাহকদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
পাশাপাশি জাল ও ছেঁড়া-ফাটা নোট ব্যবহারের ভোগান্তিও কমবে।
তিনি বলেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বাংলাদেশও বাংলা কিউআরের মাধ্যমে সেই পথে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে লেনদেনে আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।
গভর্নর আরও বলেন, সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন