প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
সংবিধানের বিধান অনুযায়ী নির্ধারিত সময়েই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে অভিহিত করেন, তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে মূল্যায়ন তাদের দলের নেতারাই করবেন।
এ সময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন