প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের প্রায় ১০ মিনিট গোলাগুলির ঘটনা ঘটেছে। বিজিবির পাল্টা প্রতিরোধের মুখে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুরে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। অভিযানের সময় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চোরাচালানে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার করা অস্ত্র ও আলামত নিয়ে ফেরার পথে ওঁৎ পেতে থাকা সশস্ত্র চোরাকারবারিরা টহল দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও তাৎক্ষণিক পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হননি এবং উভয় পক্ষের হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার ঠেকাতে সম্ভাব্য রুটগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন