প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি, বসতঘরে তালা দেওয়া ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
বুধবার (২৯ জুলাই) সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২১ মে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মো. ছালাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার আসামিরা হলেন- মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এবং তার দুই ছেলে মো. আরাফাত হোসেন মালতিয়া ও ফাহাদ হোসেন মালতিয়া।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বাদী দীর্ঘদিন ধরে চরফ্যাশনে পৈতৃক ভিটায় বসতঘর নির্মাণ করে বসবাসের পাশাপাশি গ্লাসের ব্যবসা করে আসছেন। একপর্যায়ে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তার বসতঘরে তালা লাগিয়ে দেন এবং তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।
বাদীর আরও অভিযোগ, তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং থানায় গিয়ে মামলা করতেও বাধা দেওয়া হয়। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।
মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বুধবার নিম্ন আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সিদ্ধান্তের পর বাদী মো. ছালাম বলেন, তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। তার অভিযোগ, আসামিরা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে বসতঘরে তালা লাগিয়ে তাকে মারধর করেছিলেন। পরে আদালতে মামলা দায়ের করেন তিনি।
ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসীর উদ্দিন বলেন, জেলা ও দায়রা জজ আদালত থেকে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর কার্যক্রম চলছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন