প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪২ এ এম
অনলাইন সংস্করণ
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির দাপট। আগামী দুই দিন দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।
অন্যদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে এরই মধ্যে জলাবদ্ধতা কিংবা নিচু এলাকায় পানি জমে থাকা অঞ্চলগুলোতে নতুন করে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে উদ্বেগ তৈরি করছে।
বিশেষ করে নিম্নাঞ্চল, নদী তীরবর্তী এলাকা এবং যেসব নগর এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে, সেখানে ভারী বর্ষণ হলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাই বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকলে জনজীবনে ফের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন