প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১০:২৯ এ এম
অনলাইন সংস্করণ
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার বিকেল থেকেই এ আলোচনা শুরু হতে পারে। তার ব্যাপক সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পরই নতুন করে আলোচনার বিষয়টি সামনে এলো।
সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে।’
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।
তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট এর আগে একাধিকবার আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘আমি মানুষ হত্যা করতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তার দাবি, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য সমঝোতার বিষয়েও আলোচনা হয়েছে।
তবে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ করেনি। ট্রাম্পের বক্তব্যকে তারা ‘নতুন মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেছে।
অন্যদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা ‘চূড়ান্তকরণের পথে’ রয়েছে।
এদিকে, সোমবারের সম্ভাব্য বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে এবং এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন