বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০৪ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

ছবি; সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একটি ভাড়াবাসায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। অভিযানে দুইজনকে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল ভারতীয় রুপি এবং নোট ছাপানোর নানা সরঞ্জাম। রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় এ বিশেষ অভিযান চালায় র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটককৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার মনকষা চৌধুরী পাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।
র্যাব সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের বালুবাগান এলাকার ওই বাসাটিতে অভিযান চালানো হয়। চক্রটি দীর্ঘদিন ধরে বাসাটি ভাড়া নিয়ে গোপনে ভারতীয় বিভিন্ন মূল্যমানের জাল রুপি তৈরি ও বাজারজাত করে আসছিল। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল রুপির পাশাপাশি নোট ছাপানোর কাজে ব্যবহৃত ল্যাপটপ, বিশেষ স্ক্যানার, কালার প্রিন্টার, বিশেষ ধরনের কাগজ এবং রংসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল রুপি তৈরি এবং তা সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। এই চক্রের সাথে সীমান্তকেন্দ্রিক বা আন্তর্জাতিক অন্য কোনো অপরাধী গোষ্ঠী জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অসাধু জাল নোট চক্রগুলোর বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন