প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ১১:২৪ এ এম
অনলাইন সংস্করণ
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরপরই বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের ভেতরে আটকে পড়েন কয়েকজন যাত্রী। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা সেখানে গিয়ে উদ্ধার কার্যক্রমে যোগ দেন।
আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, দুর্ঘটনার পর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন