বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

কানের দুল-জুতা দেখে পরিবার বলল, ‘এটাই জান্নাতুল’

ছবি; সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা নারীর পরিচয় মিলেছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।
নিহত জান্নাতুল ফেরদৌসের বাবার নাম নুরুল ইসলাম। বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় তাদের বাড়ি। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ ও তার পরিবার।
পুলিশ জানায়, গত ১ আগস্ট পিডিবি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিহতের তথ্য প্রচার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা সদরঘাট নৌ থানায় এসে জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে লাশটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন জান্নাতুল। বিষয়টি পরিবার জানতে পারলেও তারা এ বিয়ে মেনে নেয়নি। এদিকে দ্বিতীয় স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ঝগড়া-বিবাদ চলছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আসামিদের গ্রেপ্তারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন