মাহমুদউল্লাহ সাইফ  ফেনী জেলা প্রতিনিধি বাংলা ধারা

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

ছবি; সংগৃহিত

দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তবে এখনই সরকারকে ‘জিরো টলারেন্স’ বলা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী ব্রিজ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে দুর্নীতি ও দুঃশাসনের একটি ধারা তৈরি হয়েছিল। জনগণ আমাদের নির্বাচিত করেছে। আমরা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। তবে এখনই এটাকে ‘জিরো টলারেন্স’ বলা যাবে না।তিনি বলেন, প্রতি বর্ষায় এ অঞ্চলের মানুষ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন। মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর তীরের বাঁধগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। এ সমস্যা সমাধানে ১ হাজার ৫৪৩ কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প নেওয়া হয়েছে।পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। চলতি বছরই কাজ শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল প্রকল্পটি বাস্তবায়ন করা।এ্যানি আরও বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী এ এলাকায় আসবেন।

প্রতি বর্ষায় ভারতের উজান থেকে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধুপ্রতীম দেশ হিসেবে ভারত আগ্রাসনের মানসিকতা থেকে দূরে থাকবে বলে তারা আশা করেন।

পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন