প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৮ এ এম
অনলাইন সংস্করণ
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভয়াবহ এই দুর্যোগে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক ও সহযোগিতার কথা জানান।
শোকবার্তায় তারেক রহমান বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ পরিস্থিতির সর্বশেষ তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, ভয়াবহ এই দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক পর্যটক থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে। দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। একই সঙ্গে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেপালের চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রীর এই বার্তায় দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির বিষয়টি তুলে ধরা হয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন