প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা। এ সময় তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন আইজিপি।
সাক্ষাৎকালে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আলী হোসেন ফকির।
তিনি বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আইজিপি বলেন, আলতাফ হোসেনের পরিবারের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে তার আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বলদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই (নিরস্ত্র) আলতাফ হোসেন নিহত হন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন