বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০১:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বিটিসিএল শ্রমিক নিহত

ছবি; সংগৃহিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মো. ইমরান (২৮) নামের বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিনি ট্রাকের চালক মো. জাকির হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাক্কানি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান বগুড়া জেলার কালাহু থানার দক্ষিণ জামগ্রাম এলাকার নাছির উদ্দিনের ছেলে।
কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোরে হাক্কানি ফিলিং স্টেশনের সামনে বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন ইমরানসহ কয়েকজন শ্রমিক। এ সময় ঢাকামুখী লেনে থাকা একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫) তাদের বহনকারী মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ইমরান ও মিনি ট্রাকের চালক জাকির হোসেন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ইমরানের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত জাকিরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন ভূঁইয়া দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন