বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ০৭:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফেরত নিয়ে নারায়ণগঞ্জের খামারে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়েছে এবং মহিষটিকে আপাতত তার নিজ খামারে লালন-পালন করা হবে।

জানা যায়, অ্যালবিনো প্রজাতির এ বিরল মহিষটির চুল ও চোখের বৈশিষ্ট্য অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে মিল থাকায় এর মালিকপক্ষ আদর করে নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এই নামটি দেন।

অদ্ভুত নাম ও ভিন্নধর্মী চেহারার কারণে খুব অল্প সময়ের মধ্যেই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে ওঠে। তবে ভাইরাল হওয়ার আগেই প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতার কাছে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছিল।

ভাইরাল হওয়ার পর মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ- সবার মধ্যেই ছিল ব্যাপক আগ্রহ। বরিশাল, কুমিল্লাসহ দূর-দূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন এই ব্যতিক্রমী মহিষটি দেখতে। অনেকেই কিনতে না পেরে হতাশা প্রকাশ করেন।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপি এবং রয়টার্স-সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এটি আলোচিত বিষয় হয়ে ওঠে।

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এর ব্যতিক্রমী চুলের গঠন ও চেহারা দেখেই তার ভাই নামটি রেখেছেন। পুরো মে মাসজুড়ে ঢাকার আশপাশ থেকে মানুষ দলে দলে এসে এটি দেখেছেন, যা তাদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছিল।

বর্তমানে মহিষটি খামারেই রাখা হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


বাংলাধারা/এসআর

মন্তব্য করুন