বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:০১ এ এম

অনলাইন সংস্করণ

২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ছবি: সংগৃহিত

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের স্মরণীয় সেঞ্চুরিতে পাওয়া সেই ঐতিহাসিক জয়ের পর আর কখনও অজিদের হারাতে পারেনি টাইগাররা। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো মিরপুরে।

মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষদিকে নাটকীয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত জয়টাই গেছে স্বাগতিকদের ঝুলিতে। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট, কিন্তু বজ্রসহ বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় পায় টাইগাররা।

এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

২৮৬ রানের লক্ষ্য রক্ষায় নেমে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্টকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপরের ওভারেই মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউ করেন মার্নাস লাবুশেনকে, ফলে মাত্র ২ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জশ ইংলিশ (১৯) নাহিদ রানার গতির কাছে হার মানেন। ৫১ রানে তৃতীয় উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারেনি।

দীর্ঘ চার বছর পর দলে ফিরে ব্যাট-বল দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন। তার ঘূর্ণিতে বোল্ড হন সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। এরপর একে একে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

নাহিদ রানার গতির সামনে অসহায় হয়ে পড়েন অ্যালেক্স ক্যারে (৪৭), যিনি ফিফটির আগে আউট হন। ম্যাট রেনশকেও ফেরান মোসাদ্দেক। পরে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে পুরোপুরি ম্যাচের বাইরে ঠেলে দেন রানা।

১৫৬ রানে ৯ উইকেট হারানোর পর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না অস্ট্রেলিয়ার। শেষদিকে ক্যামেরন গ্রিন একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যান এবং ৫২ রানে অপরাজিত থাকেন। তবে ৪২.২ ওভারে ১৯১ রানেই থেমে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা নেন ৪টি উইকেট। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন শিকার করেন ২টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দীর্ঘদিন পর দলে ফিরে ৭০ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান এবং তানজিদ তামিম যোগ করেন ৫৪ রান। শেষদিকে তাসকিন আহমেদের ১৫ বলে ২০ রানের ক্যামিও ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দিতে সহায়তা করে।

সব মিলিয়ে ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ।


বাংলাধারা/এসআর

মন্তব্য করুন