হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যান। এতে গাড়ির চালক ও মেইল গার্ডসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩)।নিহত জসিম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে। মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে। অপর নিহত রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়। তার বাবার নাম সন্তুস শাব্দাকর।হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ২টার দিকে ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮) বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। প্রায় আধা ঘণ্টা পর একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাধারা/ডেস্ক