ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ: শীর্ষ গ্রেডে শান্ত-মিরাজ-লিটন, নিচে নামলেন তাসকিন ও মুশফিক

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:১২ দুপুর  

ছবি: সংগৃহিত

২০২৬ সালের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন তালিকায় গ্রেডিং কাঠামোয় বড় পরিবর্তন এসেছে, বিশেষ করে পেসার তাসকিন আহমেদ ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আগের তুলনায় নিচের গ্রেডে নেমে গেছেন।

বিসিবি সূত্র জানায়, এবার কোনো ক্রিকেটারকে ‘এ প্লাস’ গ্রেডে রাখা হয়নি। ফলে সর্বোচ্চ গ্রেড ‘এ’-তে জায়গা পেয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং তাসকিন আহমেদ। এই গ্রেডের খেলোয়াড়রা মাসিক ৮ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।

গত বছর ‘এ’ গ্রেডে থাকা মুশফিকুর রহিম এবার নেমেছেন ‘বি’ গ্রেডে, যেখানে মাসিক বেতন ৬ লাখ টাকা। একই গ্রেডে রয়েছেন মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলামসহ মোট ১১ জন ক্রিকেটার।

চুক্তিতে কয়েকজন তরুণ ক্রিকেটারের পদোন্নতিও হয়েছে। তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন ও মেহেদী হাসান ‘সি’ থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন। অন্যদিকে ‘ডি’ গ্রেডের পরিধি বাড়িয়ে এবার সাতজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে গত বছর ছিলেন মাত্র দুজন।

বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স, আন্তর্জাতিক ম্যাচে অবদান ও দলগত ভূমিকার ভিত্তিতে নতুন গ্রেডিং নির্ধারণ করা হয়েছে। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, এই কাঠামো দলীয় প্রতিযোগিতা বাড়াবে এবং পারফরম্যান্স উন্নত করতে খেলোয়াড়দের আরও উদ্বুদ্ধ করবে।

বাংলাধারা/এসআর