বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৪:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

ছয় শিক্ষক প্রত্যাহার

নরসিংদীর দুই এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ

ছবি: বাংলাধারা

নরসিংদীতে এইচএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের ঘটনায় চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ পৃথকভাবে ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।

গত বৃহস্পতিবার নরসিংদী পৌর শহরের নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের অভিযোগ, ২০১ নম্বর কক্ষে কয়েকজন শিক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত শিক্ষকদের অবহিত করেন।

পরে তাদের কাছ থেকে ভুল প্রশ্নপত্র নিয়ে সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও হারিয়ে যাওয়া সময়ের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি। নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রফেসর নাছিমা আক্তার জানান, অসাবধানতাবশত পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ঘটনাটি তদন্তে প্রতিনিধি পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, প্রশ্নপত্র আনা-নেওয়া ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা নরসিংদী সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার পর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাসেদুজ্জামানকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক জানান, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ওই উপকেন্দ্রে প্রায় ৬০০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

এদিকে মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রেও ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। সেখানে মনোহরদী সরকারি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী নতুন সিলেবাসের নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের ১২১ কোডের ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। ওই কেন্দ্রের পরীক্ষার্থী সাকিবা জানান, পরীক্ষা চলাকালে তারা বিষয়টি বুঝতে পারেননি। পরে বাসায় গিয়ে উত্তর মিলিয়ে দেখার সময় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার বিষয়টি জানতে পারেন। এতে ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। বিষয়টির সমাধানে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগে একাধিক ধাপের নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া অতিক্রম করে।

ফলে এ ধরনের ভুল হওয়ার সুযোগ খুবই কম। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা শিক্ষকদের ভুলেই ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় চার শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে শিক্ষা বোর্ডকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন