বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৬:১৫ পিএম

অনলাইন সংস্করণ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সাড়ে তিন মাসে প্রাণ গেল ৭২৯ জনের

ছবি: সংগৃহিত

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসা নিয়েছেন আরও ৯৬৮ জন।

শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এসব ঘটনার মধ্যে অনেকগুলোর বিষয়ে এখনো চূড়ান্ত পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে। নতুন শনাক্ত রোগীদের পাশাপাশি প্রতিদিনই বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র‍্যাশ, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন