চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৫:২৩ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর পদোন্নতি, নতুন দায়িত্ব পেলেন ২৪২ কর্মকর্তা-কর্মচারী

ছবি: সংগৃহিত

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির স্থবিরতা কাটল। সংস্থাটির ৩২ জন কর্মকর্তাসহ মোট ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় প্রতিষ্ঠানজুড়ে স্বস্তি ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

ওয়াসা সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে পদোন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বিরাজ করছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করেন। তার উদ্যোগেই দীর্ঘদিনের এই জটিলতার অবসান হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পদোন্নতির মাধ্যমে শুধু দীর্ঘদিনের পেশাগত বঞ্চনারই অবসান হয়নি, বরং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধও বাড়বে। এর ইতিবাচক প্রভাব প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও সেবার মানে প্রতিফলিত হবে বলে তারা মনে করছেন।

পদোন্নতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মিষ্টিমুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নওশাদ, সহসভাপতি মো. ওমর, মো. জামাল উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নওশাদ বলেন, প্রায় ১৭ বছর ধরে পদোন্নতি না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী পেশাগতভাবে বঞ্চিত ছিলেন। এতে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করেছেন। ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও স্বস্তি ফিরে এসেছে।

তিনি আরও বলেন, এই পদোন্নতি শুধু কর্মীদের ন্যায্য প্রত্যাশা পূরণ করেনি, বরং প্রতিষ্ঠানের কর্মপরিবেশ উন্নয়ন এবং জনসেবার মান বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, দীর্ঘদিন পর পদোন্নতির সুযোগ পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মনোবল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা এখন আরও আন্তরিকতা ও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন। এর ইতিবাচক প্রভাব ওয়াসার সামগ্রিক কার্যক্রমের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নেও প্রতিফলিত হবে।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন