বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৫:২৮ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহিত

 

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জোরদারের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তিও এসব কর্মসূচির মাধ্যমে পালন করা হবে।

বৃহস্পতিবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ ঘোষণায় এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে।

১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেবেন। একই দিনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হবে। এর ধারাবাহিকতায় ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ শিরোনামে জুলাই-আগস্টের আন্দোলনের উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে একটি লাইভ পারফরম্যান্সের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকের আয়োজনও থাকবে।

২২ জুলাই জুলাই-আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায়ও পালন করা হবে।

২৪ ও ২৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে শহীদদের কবর জিয়ারত, তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেবেন।

এ ছাড়া ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে একটি ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের ঘোষণায় জানানো হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন