প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
চোট কাটিয়ে বিশ্বকাপে ব্রাজিল দলে ফিরলেও এখন পর্যন্ত খুব বেশি খেলার সুযোগ পাননি নেইমার। গ্রুপ পর্বে এক ম্যাচে বদলি হিসেবে সংক্ষিপ্ত সময় মাঠে নামলেও রাউন্ড অব ৩২-এর ম্যাচে তাকে ব্যবহার করেননি প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফলে শেষ ষোলোর আগে ব্রাজিল সমর্থকদের বড় প্রশ্ন, নরওয়ের বিপক্ষে কী দেখা যাবে দলের সবচেয়ে অভিজ্ঞ এই তারকাকে?
আগামীকাল রোববার (৫ জুলাই) রাতে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে আনচেলত্তি জানান, বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে নেইমার সন্তুষ্ট নন। তবে তিনি পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং দলের পরিবেশেও ইতিবাচক প্রভাব রাখছেন।
ব্রাজিলিয়ান সংবাদপত্র ফোলহা দে সাও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, "নেইমার মোটেও সন্তুষ্ট নয়। তবে সে শান্ত আছে এবং অনুশীলনে ভালো করছে। সতীর্থদের কাছে সে অত্যন্ত শ্রদ্ধাভাজন। সবাই তাকে ভালোবাসে। মাঠে ও মাঠের বাইরে দলের জন্য সে একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাকে দলে পেয়ে আমি আনন্দিত। অবশ্যই সে প্রতিটি ম্যাচেই খেলতে চায়।"
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে খেলেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি।
ডান পায়ের কাফ পেশির চোট নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি ম্যাচ ফিট কিনা, তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই তাকে মাঠে নামানো হবে।
তিনি বলেন, "গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে সে কতক্ষণ খেলতে পারবে, সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। ম্যাচের গতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের প্রয়োজন হলে অবশ্যই তাকে মাঠে নামানো হবে।"
নরওয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে নয়। দুই দলের চারটি দেখায় দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে জিতেছে নরওয়ে। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা।
তবে অতীতের পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আনচেলত্তি। তার ভাষায়, "নরওয়ের বিপক্ষে খেলা সবসময় কঠিন। তারা রক্ষণভাগে খুবই সংগঠিত দল। তবে আমরা ভালো একটি ম্যাচ খেলতে আত্মবিশ্বাসী। প্রতিপক্ষের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে।"
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন