প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:৫৫ এ এম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—সুরিদ শাহরিয়ার (২৭) ও সাকিব শাহরিয়ার (২৮)। তাদের এবং গাড়িচালকের বাসা ঢাকার সায়েন্সল্যাব ও ধানমন্ডি এলাকায় বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রাইভেটকারটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। ষোলঘর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় প্রাইভেটকারটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালকসহ মোট তিনজন ছিলেন।
সংঘর্ষের ফলে গাড়িতে থাকা সুরিদ শাহরিয়ার ও সাকিব শাহরিয়ার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার কারণ বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও গাড়িটির গতিসীমা সংক্রান্ত বিষয় আরও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন