প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সুপারভাইজার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-মামুন (মনির) (৩১) ভৈরবপাশা এলাকার আবদুল কাদেরের ছেলে এবং নাহিদ সুপার পরিবহনের সুপারভাইজার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালগামী নাহিদ সুপার পরিবহনের বাসটি ঘটনাস্থলে একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি বাস চলে আসে। একই সঙ্গে দুই বাসের মাঝখানে একটি মাহিন্দ্র (থ্রি-হুইলার) থাকায় সংঘর্ষ এড়াতে চালক হঠাৎ বাসটির নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা করলে সেটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনেন। তবে বাসের নিচে চাপা পড়া সুপারভাইজার আল-মামুনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই আল-মামুনের মৃত্যু হয়েছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন