চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৬:১৯ পিএম

অনলাইন সংস্করণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাদরাসার ওপর মাটি চাপা: নিহত ৩ শিক্ষার্থী

ছবি: বাংলাধারা

টানা ভারী বর্ষণের মধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসার ওপর মাটির ঢল নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ি ঢালের নিচে অবস্থিত মাদরাসাটির ওপর ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে মাদরাসায় অবস্থানরত শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন।

তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাঁচজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্প প্রশাসনও উদ্ধারকাজে সহযোগিতা করছে।

টানা বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন