বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১১:১৫ এ এম

অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে সাজেক ত্যাগ করেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, বৈরী আবহাওয়া ও সড়কের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে সাজেকে আটকা পড়া পর্যটকদের ধাপে ধাপে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার সকালে দ্বিতীয় দফায় ৩১১ জন পর্যটককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। এখনও সাজেকে অবস্থান করছেন প্রায় ১০০ জন পর্যটক। তাদেরও পর্যায়ক্রমে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪৬১ জন পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের ঝুঁকি এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত মঙ্গলবার (৭ জুলাই) রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের আশঙ্কা, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নতুন কোনো পর্যটককে সাজেকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে নিষেধাজ্ঞা জারির আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী ধারাবাহিকভাবে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।


বাংলাধারা/শারমিন
 

মন্তব্য করুন