প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কালিয়াকৈরে একটি কবরস্থান থেকে রাতের আঁধারে ৯ টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, টেকিবাড়ী চানপুর কবরস্থানে প্রায় অর্ধশত কবরস্থান রয়েছে। চারপাশে বেষ্টনী থাকলেও গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই কবরস্থানের ভেতরে থাকা ৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যাবার পথে কবরের উপড়ে ফেলা মাটি ও বাঁশ দেখে ভেতরে প্রবেশ করে কবরগুলো খোঁড়া দেখতে পান।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমরা রাত ১০টার দিকে এই রাস্তা দিয়ে গিয়েছি। তখনো সব ঠিক ছিল। বেশি রাতে এই রাস্তা দিয়ে লোকজন চলাচল করেনা। এই সুযোগে এমন কাজ হয়েছে। আমাদের গ্রামের কয়েকজনের কঙ্কাল চুরি হয়ে গেছে।
সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন মিন্টু বলেন, কঙ্কাল চুরি হওয়ার খবর সকালেই পেয়েছি। এটি অত্যান্ত দু:খজনক। আমরা ওই এলাকার লোকজনের সঙ্গে কথা বলছি এবং কারা কাজটি করেছে তাদের সন্ধানে পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয় অবগত হয়েছি। এটি নিয়ে আমাদের পুলিশ তদন্ত করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন