প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
জেলার সদর উপজেলার চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জজ আদালতের এপিপি মুন্সী রেজাউল হক আজিম ।
সভায় ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, তারা আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠবে।
তিনি আরও বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে জানে, আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারে। আমাদের সন্তানদের বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।’
বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে পাঠদান করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আমলকী গাছের চারা রোপণ করেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন