প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১০:৩৬ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীর খুচরা বাজারে মাংস, ডিম ও ব্রয়লার মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি চাষের মাছের কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ফলে বাজার করতে এসে বাড়তি খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ফার্মের ডিমের ডজন ১৩৫ টাকা এবং ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়।
অন্যদিকে মাছের বাজারে দাম বেড়েছে বেশ কয়েকটি জনপ্রিয় প্রজাতির। বর্তমানে চিংড়ি মানভেদে ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, বিশেষ করে চাষের কই, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। অন্যদিকে রূপচাঁদা, নদীর বেলে ও বড় শোল মাছ কিনতে গেলে অনেক ক্ষেত্রে কেজিপ্রতি এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।
রায়েরবাজারের মাছ বিক্রেতা ইদ্রিস মিয়া বলেন, ‘এই সপ্তাহে বাজারে চাষের মাছের সরবরাহ কিছুটা কম। তাই তেলাপিয়া, পাঙাশসহ কয়েকটি মাছের দাম বেড়েছে।’
মুরগির বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা আতাউর রহমান বলেন, ‘আজ ব্রয়লার ১৯০ টাকা কেজি কিনেছি। গত মাসের তুলনায় কেজিতে প্রায় ৩০ থেকে ৩৫ টাকা বেশি দিতে হচ্ছে।’
এদিকে মাছের দাম বাড়লেও বাজারে ক্রেতাদের উপস্থিতি কমেনি। ক্রেতা আক্তারুজ্জামান বলেন, ‘বৃষ্টির কারণে সবজির দাম আগেই বেড়েছে। এখন মাছের দামও বাড়ছে। দাম বাড়লেও তো কিনতেই হবে।’
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন