প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৮:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের সব মাদরাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল ও আলিম স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে দল গঠন করে বোর্ডে তথ্য পাঠাতে হবে। পাশাপাশি আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও টুর্নামেন্টের কার্যক্রম শুরু হবে। এ কারণে আগেভাগেই প্রতিটি প্রতিষ্ঠানে দল গঠন ও প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাদরাসায় যোগ্য শিক্ষার্থীদের নিয়ে মোট চারটি দল গঠন করতে হবে। এর মধ্যে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল থাকবে।
শুধু দল গঠনই নয়, প্রতিটি দলের জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ, দলগত চেতনা এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দল গঠনের তথ্য [registrar@bmeb.gov.bd](mailto:registrar@bmeb.gov.bd) ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। টুর্নামেন্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন