বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১০:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

শিক্ষার্থী বিক্ষোভের মুখে ভারতের শিক্ষা সচিব বদলি, আন্দোলন অব্যাহত

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির সরকার। তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি এর আগে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনের এই রদবদলের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে শিক্ষা সচিবের এই পরিবর্তনে আন্দোলনকারীদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীর যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরে ২৮ জুন থেকে এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ সোনাম ওয়াংচুক।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে বিভিন্ন রাজ্যে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি নয়াদিল্লির মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন