বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৩২ পিএম

অনলাইন সংস্করণ

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

স্পিকারের কাছে জমা পদত্যাগপত্র, বিকেল ৫টার পর সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর অটোনোমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যেই কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। ফলে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথাও তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।

এসব কারণ বিবেচনায় নিয়ে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিকেল ৫টার পর জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি অনুপস্থিতি বা অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির পদত্যাগের ফলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন