প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। ভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে ক্যাম্পিং করা পর্যটকরা হঠাৎ পানির তোড়ে আটকা পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া। পরে সেই তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, গানসু প্রদেশের ডিংশি শহরের ওয়েইইউয়ান কাউন্টির একটি দর্শনীয় পর্যটন এলাকায় টানা ভারী বৃষ্টির পর হঠাৎ পাহাড়ি ঢল নামে। সে সময় সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান করছিলেন অনেক পর্যটক। আকস্মিক বন্যার তীব্র স্রোতে পুরো এলাকা প্লাবিত হলে অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পাননি। মুহূর্তের মধ্যেই কয়েকজন স্রোতে ভেসে যান।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত অন্তত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয় প্রশাসন, জননিরাপত্তা বাহিনী এবং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের একাধিক দল উদ্ধার অভিযানে নামে। নিখোঁজদের সন্ধানে নদীসংলগ্ন এলাকা ও আশপাশের পাহাড়ি অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও অব্যাহত রয়েছে।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এলাকায় আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নদী, পাহাড়ি ঢলপ্রবণ এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার জন্য বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন