বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

গ্যাস অনুসন্ধান ত্বরান্বিত করতে দুটি রিগ কেনার উদ্যোগ

ছবি; সংগৃহিত

 গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) জন্য দুটি রিগ কেনার প্রক্রিয়া চলছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান আজ বাসসকে জানান, ‘দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার একটি প্রস্তাব আমরা চূড়ান্ত করেছি।’
তিনি বলেন, বর্তমানে বাপেক্সের পাঁচটি রিগ রয়েছে- বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১। তিনি আরও বলেন, প্রস্তাবিত দুটি রিগ কেনা হলে মোট রিগের মোট সংখ্যা সাতটিতে উন্নীত হবে।
পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান, ২ হাজার হর্সপাওয়ারের একটি রিগ কেনার জন্য মূল্যায়ন প্রক্রিয়া চলছে। পাশাপাশি ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন আরেকটি রিগ সংগ্রহের জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
এদিকে, বাপেক্সের সাফল্যের ধারাবাহিকতাকে বিবেচনায় নিয়ে সরকারি মালিকানাধীন এ প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে বাপেক্স উন্নয়ন কূপ, ওয়ার্কওভারসহ বিভিন্ন ধরনের কূপ খননের কাজ চালিয়ে যাচ্ছে।
এছাড়া, দেশীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে রাষ্ট্রায়ত্ত অনুসন্ধানকারী প্রতিষ্ঠানটির একটি মূল্যায়নসহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এর আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপটি প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপটি প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ অনুসন্ধান কূপটি প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। গ্যাসের সন্ধান মিললে পরবর্তী সময়ে কূপগুলোর পরীক্ষণ ও কূপ সম্পন্নকরণের কাজ করা হবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন