প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। প্রিয় মাতৃভূমি ছেড়ে যাওয়ার পর এত দীর্ঘ সময় দেশে ফিরতে পারবেন না, এমনটা কখনো ভাবেননি বলে জানিয়েছেন তিনি। কন্যার পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই বর্তমানে প্রবাসজীবন বেছে নিয়েছেন এই শিল্পী।
প্রবাসজীবনের দেড় বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি, সংগ্রাম এবং দেশের প্রতি গভীর ভালোবাসার কথা তুলে ধরেছেন ডলি সায়ন্তনী।
তিনি লেখেন, “২০২৫ সালের এই দিনটায় যেদিন নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম, তখন কল্পনাও করিনি এই বিদায়টা এত দীর্ঘ হবে। ভাবিনি, বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেখানেই রেখেছেন, তাঁর অশেষ রহমতে ভালো আছি। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনাই আমাকে প্রতিদিন শক্তি দেয়।”
জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা উল্লেখ করে এই সংগীতশিল্পী বলেন, তিনি কখনো কারও ক্ষতি করার চেষ্টা করেননি; বরং সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। যদিও জীবনের পথে অনেক কষ্ট, বিশ্বাসভঙ্গ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, তবুও আল্লাহ তাকে কখনো নিরাশ করেননি।
ডলি জানান, তার প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ একমাত্র মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ। এ জন্য তিনি সবার কাছে নিজের এবং মেয়ের জন্য দোয়া চেয়েছেন।
দেশের প্রতি গভীর টান প্রকাশ করে তিনি লেখেন, “জানি না কবে আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারব। মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যখন কেউ বাংলাদেশ থেকে এসে দেখা করে, মনে হয় যেন একটু বাংলাদেশের গন্ধ, একটু বাংলাদেশের মাটি, একটু নিজের মানুষকে ছুঁয়ে দেখলাম।”
পোস্টের শেষাংশে বিশ্বের সব প্রবাসীর অনুভূতির সঙ্গে নিজের অনুভূতির মিল খুঁজে নিয়ে তিনি বলেন, “আমার মতো অসংখ্য প্রবাসী হয়তো এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝবেন। দূরত্ব যতই হোক, নিজের দেশের প্রতি ভালোবাসা কখনো কমে না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি, পৃথিবীর সব প্রবাসী একদিন যেন সুস্থ-সুন্দরভাবে তাদের প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারেন।”
ডলি সায়ন্তনীর এই আবেগঘন বার্তা ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই মন্তব্যে তার দ্রুত দেশে ফেরার প্রত্যাশা এবং পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন