প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ
জেলার ফতুল্লায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আবুল হোসেন (৬৫) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বেলা তিনটার দিকে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন নরসিংদী সদর উপজেলার ভাষাইল এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবুল হোসেন ফতুল্লায় তার চিকিৎসাধীন ছেলে রাজিনকে দেখতে এসেছিলেন। রাজিন স্টেডিয়ামের পাশে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন।
ছেলেকে দেখে বাড়ি ফেরার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে অভিযুক্ত ট্রাকচালক রুমান মোল্লাকে (২৩) আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন