প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার দৌড়ে দেশের তারকাদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন বাংলাদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক তিনি।
বর্তমানে পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি। অর্থাৎ প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।
ফেসবুকে পরীমনি ও সাকিবের অনুসারীর সংখ্যা নিয়ে আলোচনা নতুন নয়। প্রায় তিন বছর ধরেই দুজনের মধ্যে শীর্ষস্থান নিয়ে প্রতিযোগিতা চলছিল। ২০২৩ সালের আগস্টে আবারও এগিয়ে গিয়েছিলেন সাকিব। তবে সময়ের ব্যবধানে সেই অবস্থান বদলে এখন তালিকার শীর্ষে উঠে এসেছেন পরীমনি।
পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতিও তার জনপ্রিয়তার অন্যতম কারণ। ব্যক্তিজীবন, সন্তান, ভ্রমণ কিংবা দৈনন্দিন নানা মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ফলে তার প্রায় প্রতিটি পোস্টেই দেখা যায় ব্যাপক সাড়া।
সম্প্রতি মেয়েকে নিয়ে প্রকাশ করা একটি ভিডিওতে প্রায় ৯০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। এর আগে রোদেলা পরিবেশে তোলা নিজের কয়েকটি ছবির পোস্টেও ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন পান তিনি।
শুধু ছবি নয়, পরীমনির প্রকাশিত ভিডিওগুলোর ভিউও ঈর্ষণীয়। সাম্প্রতিক সময়ে পোস্ট করা কয়েকটি ভিডিও ১০ লাখ থেকে দেড় কোটিরও বেশি বার দেখা হয়েছে।
মজার বিষয় হলো, ১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকলেও পরীমনি নিজে ফলো করেন মাত্র সাতজনকে। তবে তারা কারা, সেই তথ্য তিনি গোপন রেখেছেন।
অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত হলেও ব্যক্তিজীবন, সন্তান এবং নিজের প্রতিষ্ঠান ‘বডি’ নিয়েই এখন বেশি সময় কাটাচ্ছেন পরীমনি। এর পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তিনি। গত দেড় বছরে একাধিক নতুন সিনেমায় তার যুক্ত হওয়ার খবর এলেও সেসব প্রকল্পের কাজের উল্লেখযোগ্য অগ্রগতি এখনো প্রকাশ্যে আসেনি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন