প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।
বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর দুর্ঘটনার খবর জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে আইসিইউতে রয়েছেন মেঘলা মুক্তা। তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে অভিনেত্রীর জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে। পাশাপাশি তাঁর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানানো হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাইহীন তথ্য বা গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। মেঘলা মুক্তার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ থেকেই তা জানানো হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মেঘলা মুক্তার সহকর্মী, ভক্ত ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।
মডেলিং ও র্যাম্পে কাজের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। পরে তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান তিনি।
দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’-তে। সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন