প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’
এদিকে বৃষ্টির মধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের দিকে যাওয়ার পথে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
এর আগে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা হয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে পুলিশ সড়কে ব্যারিকেড দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাগ্বিতণ্ডা হয়।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহসহ দলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যান তারা।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলা শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার পর মঙ্গলবার রাতেই হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই দিনে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকেও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন