প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বস্তুটি আসলে কী, তা যাচাই করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বস্তুটি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়েছে।
পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তারা পৌঁছানোর পর বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও বোমাসদৃশ একটি ‘ছাতা বোমা’ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।
রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশনের নিচে অল্প সময়ের ব্যবধানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন