প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডে দীর্ঘদিনের বন্ধুত্বের উদাহরণ হিসেবে সালমান খান ও সঞ্জয় দত্তের নাম আসে বারবার। কয়েক দশকের এই বন্ধুত্বে সুখ-দুঃখে একে অন্যের পাশে থেকেছেন তারা। বয়স ষাট পেরোলেও বন্ধুত্বের সেই উচ্ছ্বাস আর আন্তরিকতায় যেন এতটুকুও ভাটা পড়েনি।
সম্প্রতি দুই তারকার এমনই এক বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন ভক্তরা। শুক্রবার দিবাগত রাতে সালমান খান নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, একে অপরকে জড়িয়ে ধরে আছেন সালমান ও সঞ্জয়। দুজনের পরনেই ছিল কালো পোশাক।
দুই তারকার এমন আন্তরিক মুহূর্ত মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। পোস্ট দেওয়ার মাত্র ১০ ঘণ্টার মধ্যে সালমানের ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ২৪ লাখ। তার ফেসবুক পেজেও পোস্টটিতে প্রায় ১ লাখ ৮০ হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের ঘরও ভরে যায় ভক্তদের ভালোবাসায়।
ছবির সঙ্গে সালমান যুক্ত করেছেন তাদের দুজনের গাওয়া ‘চল মেরে ভাই’ গানটি। ২০০০ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
পোস্টের ক্যাপশনে সঞ্জয় দত্তকে নিজের বড় ভাই হিসেবে উল্লেখ করে সালমান তার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান। তিনি সঞ্জয়কে ‘বাবা’ বলে সম্বোধন করে লেখেন, এই মানুষটির জন্য সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেন তিনি।
সালমানের পোস্টে ভালোবাসা জানিয়েছেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘ব্রাদার্স ফর লাইফ’।
গত ২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, জন্মদিন উপলক্ষেই দুই বন্ধু একসঙ্গে সময় কাটানোর সময় ছবিগুলো তোলা হয়েছিল। আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে যেন বন্ধুকে দেরিতে জন্মদিনের শুভেচ্ছাই জানালেন সালমান।
সালমান ও সঞ্জয়কে একসঙ্গে পূর্ণাঙ্গ চরিত্রে দেখা গেছে ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ সিনেমায়। এ ছাড়া আরও বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশন সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে দেখা গেছে বলিউডের এই দুই তারকাকে।
দীর্ঘ ক্যারিয়ার, ব্যস্ততা আর জীবনের নানা বাঁক পেরিয়েও সালমান-সঞ্জয়ের বন্ধুত্ব যে এখনো অটুট, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিই যেন তার নতুন প্রমাণ।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন